Header Ads

  • Breaking News

    যদি আমরা ছত্রাকে ধরা খাবার খাই তবে কি হবে?

    রাত তিনটায় বাড়ি ফিরেছেন। বাসায় একা থাকেন বা ব্যাচেলর। তাই অন্য খাবারও নেই। ক্ষুধাও খুব পেয়েছে। রান্নাঘরে দেখলেন একটা বনরুটির প্যাকেট, কিন্তু খোলা। টিপে দেখলেন যে তাতে রুটিও আছে। আপনার দিল মে লাড্ডূ ফুটল, যে যাক কিছু পাওয়া গেল। কিন্তু রুটিটা বের করে দেখলেন যে সেটার এক কোণে ছত্রাক জমেছে। এখন তো আর খাওয়া যাবে না। আবার ক্ষুধাও লেগেছে অনেক। ভাবলেন, আরে ভাই পেনিসিলিনও তো ছত্রাক থেকেই তৈরি হয়। সিদ্ধান্ত নিলেন কে ছত্রাকে আক্রান্ত অংশটুকু ফেলে দিয়ে বাকীটা খেয়ে ফেললেন। পেট ঠাণ্ডা হল কিছুটা। ঘুমাতে চলে গেলেন। এখন চিন্তা করুন তো, পরদিন সকালে কি সুস্থ থাকবেন?
    যে ছত্রাক পাউরুটির উপর হয় তার ফ্যামিলি আর মাশরুমের ফ্যামিলি একই। যদি এসব ছত্রাক আপনি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন, তবে দেখবেন এদের দেহও মাশুরুমের মতই। একটা লাটির মত শরীর যাকে ইংরেজীতে বলে স্টল্ক আর উপরটা ছাতার মত। পাউরুটির বা বনরুটির ছত্রাকের যে বাহারী রঙ আসে, তা মূলত এই ছাতাদেরই রঙ।
    এই ছত্রাকের আস্তানা দেখতে যতই সুন্দর লাগুক না কেন, তারা যে বিপদজনক নয়, এমন ভাবা যাবে না। এই ছত্রাকের আস্তানায় হাজার হাজার প্রজাতির ছত্রাক থাকে যা এলারজী আনতে পারে বা শ্বাসতন্ত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। অনেক সময় এই ছত্রাক মাইকোটক্সিন তৈরি করে। মাইকোটক্সিন এক ধরণের বিশাক্ত পদার্থ যা মানুষ, গবাদিপশু এবং অন্যান্য পশুদের শরীর খারাপের কারণ হতে পারে। আলফাটক্সিনের ব্যাপারে শুনেছেন? একটি ক্যান্সার সৃষ্টিকারী মাইকোটক্সিন। বিশেষ করে আটা ও বাদাম জাতীয় খাবারের উপর জন্মায়। পাউরুটি বা বনরুটি কি দিয়ে যেন তৈরি হয়?
    আলফাটক্সিন হল পৃথিবীর সবচেয়ে বেশী গবেষণা করা মাইকোটক্সিন। প্রচুর গবেষণা সত্বেও এটাকে নির্মূল করা সম্ভব হয়নি। সারা পৃথিবীর সব খানেই এর জন্ম হয়। যেহেতু এর জন্মানো প্রতিরোধ করা যায় নি, তাই খাবারে এর পরিমাণের সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে।
    মনে আছে রাত তিনটার কথা। যে বনরুটিটি খেল, সে ছত্রাক গজানো অংশটুকু ফেলে দিয়ে বাকীটুকু খেয়েছে। তার মানে সে তো আর ছত্রাক খায়নি। তাহলে তার কোনও সমস্যা হবার কথা না। একদম ভুল। বনরুটির উপরে যে ছত্রাক দেখা গেছে তা শুধুমাত্র তাদের উপরে অংশ। ছত্রাকের শিকড় কিন্তু রুটির অনেক ভেতরে যেতে পারে। যে মাইকোটক্সিনের কথা বলা হচ্ছে, তা মূলত এই শিকড়েই তৈরি হয়। ছত্রাক ছাড়াও দেখতে না পাওয়া লক্ষ লক্ষ প্রজাতির ব্যাকটেরিয়ার কথা তো আমলেই নেয়া হয়নি।
    অনেকে সকালের খাবারে বনরুটি খান। তাদের প্রতি আমার অনুরোধ বনরুটি খোলা থাকুক অথবা প্যাকেটে, একবার অবশ্যই দেখে নেবেন তা ছত্রাকমুক্ত কি না।

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad